বিদেশি পিস্তল ও গুলিসহ ফেনীর দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফেনীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় শান্তি পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সালাহউদ্দিন আকবর (৪৪) ও সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ইবনে জাহিদ (৩৪)। তাদের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, অস্ত্রসহ দুই ব্যক্তি খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশে যাচ্ছেন। পরে পুলিশের একটি দল করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় বাসটিতে অভিযান চালায়। যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ঢাকায় যাওয়ার জন্য শান্তি পরিবহনের টিকিট কাটেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তার সালাহউদ্দিন আকবরের রাজনৈতিক পরিচয় সম্পর্কে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, বিএনপিতে সমবায় দল নামে কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন তালিকাভুক্ত নেই। তাই ওই পরিচয় দলীয় হিসেবে গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, গ্রেপ্তার ইবনে জাহিদ স্থানীয়ভাবে কৃষক দল ও শ্রমিক দলের নেতা হিসেবে পরিচিত হলেও এ বিষয়ে দলটির জেলা কমিটি সক্রিয় না থাকায় দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন